তুমি আমাকে ভুলে গেছো আমি বিশ্বাস করি না। তবে আমাকে অপেক্ষমান রেখেও তুমি নির্বিকার উপেক্ষা করে চলে যেতে পারো অন্য কারো হাত ধরে, সেও আমি বিলক্ষণ জানি।
আমি আর তোমার কাছে যাই না। তুমি ডাকো না বলে? আমিও তোমাকে ফিরে ডাকি না আর, তুমি আসবে না বলে? তোমাকে কেবল দূর থেকেই দেখি। মন ভরে দেখি, অতৃপ্তি নিয়ে দেখি। বর্ষার দিনে বারান্দায় দাঁড়িয়ে অন্য লোকের সাথে তোমার ঘনিষ্ঠতা দেখে দেখে ঈর্ষান্বিত হয়ে চায়ের কাপে আক্ষেপের চুমুক দেই।
অতীতের দিনগুলিতে আমি বারণ করলেও বারণ করেও রূখতে পারতাম না তোমাকে। আমিও যখন খুশী তোমার কাছে চলে যেতাম। আমার বাড়ী ফেরার সময় পার হয়ে গেলেও তুমি আমাকে আটকে রাখতে চাইতে। দেরী করিয়ে দিতে পথে। আমার সঙ্গ তোমার ভালো লাগতো বলে আমাকে নানান অজুহাতে আটকে রাখতে। এখন সেই দিনগুলি অতীতের পাথরে বাঁধাই হয়ে গেছে।